
‘খালেদা জিয়া শুধু বিএনপির নয়, গণতন্ত্রকামী মানুষেরও নেত্রী’-শরীফুজ্জামান শরীফ
মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) চুয়াডাঙ্গা চেম্বার ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী ও মাদার অব ডেমোক্রেসি হিসেবে এমন এক উচ্চতায় পৌঁছেছেন যে, তিনি কেবল বিএনপির নেত্রী ছিলেন না; বাংলাদেশের গণতন্ত্রকামী প্রতিটি মানুষ ও রাজনৈতিক দলের কাছেও তিনি অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছিলেন। দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি আজীবন অবিচল ছিলেন।’
শরীফুজ্জামান আরও বলেন, ‘তিনি দেশের জন্য নিজের সারাজীবন উৎসর্গ করেছেন। বহু প্রতিকূলতা, নির্যাতন ও কারাবরণ করেও দেশ ও দেশের মানুষের প্রতি তাঁর ভালোবাসা থেকে কখনও বিচ্যুত হননি। দেশের সংকটময় সময়ে তিনি সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছেন। তাঁর রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’
অনুষ্ঠানের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান।মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন




















