
চুয়াডাঙ্গায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলা পর্যায়ে বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৩ জুন) চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি দেশব্যাপী `০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ‘ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায়। কর্মসূচি উদ্বোধনের পরপরই দেশের সব জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে একযোগে বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হয়।
জাতীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা পর্যায়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার জেলার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় তিনি নিম, জলপাই, আমলকি, আম, লিচু, সোনালু, বহেরা ও হরতকি গাছের চারা রোপণ করেন। পাশাপাশি রোপণকৃত গাছের সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, জেলা সিভিল সার্জন হাদী জিয়া উদ্দিন আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাসুদুর রহমান সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র এবং চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি।




















