
চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার (৭ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়ক থেকে ১৬ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারির নাম হযরত আলী (৫০)। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর পূর্বপাড়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশের চলমান মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে
চুয়াডাঙ্গা সদর থানার অন্তর্গত সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে একটি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে হযরত আলীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে অবৈধ ১৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মাদক বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানাই পুলিশ।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সোমবার ৮ জুন সকাল সাড়ে নয়টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
পুলিশের কর্মকর্তারা জানান, মাদক নির্মূল ও চোরাচালান প্রতিরোধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।



















