
চুয়াডাঙ্গা জেলায় স্বেচ্ছায় খাল খনন কর্মসূচি বাস্তবায়ন ও এ-সংক্রান্ত কার্যক্রম এগিয়ে নিতে এক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ জুন) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার। সভায় জেলা প্রশাসক বলেন, জেলার সকল খাল খননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খাল খননের কার্যক্রম উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে পরিচালিত হবে। এ টেন্ডার প্রক্রিয়ায় রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ইটভাটা মালিকসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নিতে পারবেন।
তিনি আরও বলেন, খাল খননের ফলে প্রাপ্ত মাটির ব্যবহারেও অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং বিভিন্ন সড়কের সংস্কার কাজে এসব মাটি ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এছাড়া উপযুক্ত বিবেচিত হলে ইটভাটা মালিকরাও তাদের প্রয়োজন অনুযায়ী ভাটার কাজে এ মাটি ব্যবহার করতে পারবেন।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।
সভায় উপস্থিত বক্তারা জেলার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পানি প্রবাহ সচল রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল খনন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তারা এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
জেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে ভরাট হয়ে যাওয়া ও নাব্যতা হারানো খালগুলো পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, খাল খনন কার্যক্রম বাস্তবায়িত হলে জেলার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি কৃষি ও পরিবেশ ব্যবস্থাপনাতেও ইতিবাচক প্রভাব পড়বে।

















