
চুয়াডাঙ্গার জীবননগরে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান এবং সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
‘রাখিব চারপাশ পরিষ্কার, গড়িব সুন্দর পরিবেশ’ প্রতিপাদ্য নিয়ে সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। উপস্থিত ছিলেন জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) আতিয়ার রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা মাহমুদুল রহমান, একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি এবং পৌর জামায়াতের আমির ফিরোজ হোসেন।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশার লার্ভা জন্ম নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
আয়োজকদের ভাষ্য, ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বাড়াতে এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।














