
শিমুল রেজা
সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) চোরাচালান বিরোধী পৃথক ২টি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য কসমেটিক্স এবং জিরাসহ গাড়ি জব্দ করেছে। উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য প্রায় ৬৮ লক্ষ ৫৫ হাজার ৫০০ টাকা।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল শনিবার (২০ শে ডিসেম্বর) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় সীমান্ত থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কৌশলগত অবস্থান নেয়। সকাল আনুমানিক ৬ টার দিকে একটি মাছ বহনকারী ট্রাক আসতে দেখে সেখানে পৌঁছালে সংকেত দিয়ে থামানো হয়।
পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে গাড়ি ভর্তি মাছের খাদ্য ও সরিষার খৈলের বস্তা দেখে সন্দেহ হলে সব বস্তা নামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতরে অভিনব কায়দায় সরিষার খৈল ভর্তি বস্তার নীচে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

একই ভাবে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর বিশেষ টহল দল সীমান্ত
আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা ঢাকা -সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় কৌশল গতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে এবং বিকাল আনুমানিক বিকাল সাড়ে ৩ টার সময় একটি
কাভার্ড ভ্যান আসতে দেখে এবং টহল দলের কাছাকাছি আসলে সংকেত দিয়ে থামানো হয়। অতঃপর কাভার্ড ভ্যানটি তল্লাশী করে ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস দেখতে পায়। উক্ত মালামাল এবং গাড়ীর বৈধ কোনো কাগজ পত্র না থাকায় টহল দল ভারতীয় কসমেটিক্সসহ অভিযানে ব্যবহৃত কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
চোরাচালানি পণ্য উদ্ধারের বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে। এসব অভিযান শুধু অপরাধ দমনেই নয়, দেশের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।” তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।













