
শিমুল রেজা,
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ফার্মগেটের নিকট রেললাইন ভেঙে ৬ ইঞ্চি অংশ ছিটকে পড়েছে। এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় ওই লাইন দিয়েই ট্রেন চলাচল অব্যাহত থাকায় যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে খুলনা থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় লাইনের ৬ ইঞ্চি অংশ ভেঙ্গে দূরে ছিঁটকে পড়ে যায়।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনটি উথলী ফার্মগেট এলাকা অতিক্রম করছিল। ট্রেনটি যাওয়ার সময় প্রচণ্ড শব্দে রেললাইনের একটি পাতের প্রায় ৬ ইঞ্চি অংশ ভেঙে দূরে ছিটকে পড়ে যায়। সৌভাগ্যবশত ট্রেনটির সব বগি লাইনটি পার হয়ে যাওয়ায় বড় কোনো বিপর্যয় ঘটেনি।
সরেজমিনে দেখা গেছে, লাইনের গুরুত্বপূর্ণ একটি অংশ বিচ্ছিন্ন হয়ে থাকলেও ওই পথ দিয়েই অন্যান্য ট্রেনগুলো ধীরগতিতে অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে। লাইনের এই ভাঙা অংশটি সাধারণ পথচারী ও এলাকাবাসীর নজরে এলে তারা আতঙ্কে পড়ে যান। খবর পেয়ে আশপাশের উৎসুক জনতা দুর্ঘটনাস্থলে ভিড় জমায়।
সেখানে কর্তব্যরত গেটম্যান জানান, রেললাইন ভেঙে যাওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। লাইন মেরামতের জন্য প্রকৌশলী ওটেকনিশিয়ানদের খবর দেওয়া হয়েছে। তারা দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে মেরামত কাজ শুরু করবেন বলে আশ্বস্ত করেছেন। তবে রেললাইনের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় এমন ভাঙন থাকার পরও কেন ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়নি, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন

















