
শিমুল রেজা,
ভোজ্যতেলের বাজারে অস্থিরতাও অসাধু ব্যবসায়ীদের কারসাজির প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর জেলা শাখা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় চুয়াডাঙ্গা শহরের অন্যতম ব্যবসাকেন্দ্র বাদুরতলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্যাব চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর।
সঞ্চালনায় ছিলেন হাবিবি জহির রায়হান, অধ্যক্ষ শাহজাহান আলী, অ্যাডভোকেট বদর উদ্দিন ও লিটু বিশ্বাসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন বলেন, আন্তর্জাতিক বাজারে দাম স্থিতিশীল থাকলেও দেশে ভোজ্যতেলের মূল্য অস্বাভাবিকভাবে বাড়ানো হচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিক অস্থিরতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে একটি অসাধু চক্র সিন্ডিকেটের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। তারা বলেন, সরকারি নির্ধারিত দামের চেয়ে বোতলজাত সয়াবিন তেল লিটারে প্রায় ৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। একইভাবে খোলা তেলও অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে, যা ভোক্তাদের ন্যায্য অধিকার লঙ্ঘন করছে।
মানববন্ধন থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—সরকার নির্ধারিত দামে তেল বিক্রি নিশ্চিত করা, সিন্ডিকেট চক্র শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, বাজারে নিয়মিত তদারকি জোরদার করা এবং মজুতদারি ও কৃত্রিম সংকটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। এছাড়া নন-ফুড গ্রেড ড্রামে তেল সংরক্ষণ ও বিক্রি বন্ধ এবং ফুড-গ্রেড পাত্র ব্যবহার বাধ্যতামূলক করার দাবি জানানো হয়।
বক্তারা সতর্ক করে বলেন, এভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে তেল বিক্রি সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ বাড়াচ্ছে এবং জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি করছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। পাশাপাশি ভোক্তাদের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানানো হয়।




















