
চুয়াডাঙ্গা জেলার গণমাধ্যমকর্মীদের একটি স্বচ্ছ ও হালনাগাদ তালিকা প্রণয়নের লক্ষ্যে উদ্যোগ নিয়েছিল জেলা তথ্য অফিস। বুধবার (৬ মে) দুপুরে এ সংক্রান্ত একটি নোটিশ গণমাধ্যমকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে। এদিকে, হালনাগাদ তালিকা প্রণয়ন উদ্যোগের অংশ হিসেবে প্রাথমিক ভাবে নোটিশটি জারি করা হলেও পরবর্তীতে নীতিগত সমন্বয়ের স্বার্থে তা প্রত্যাহার করা হয়েছে। জেলা তথ্য অফিসার শিল্পী মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলার মূল ধারায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করে একটি সুসংগঠিত তালিকা প্রস্তুতের লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। তবে বিষয়টি যেহেতু কেন্দ্রীয়ভাবে নির্ধারিত কোনো নির্দেশনার আওতায় ছিলো না এবং দেশের অন্যান্য জেলাতেও এ ধরনের কার্যক্রম চলমান নয়, তাই সমন্বয়ের স্বার্থে নোটিশটি প্রত্যাহার করা হয়েছে।
তথ্য অফিসার শিল্পী মণ্ডল বলেন, ‘জেলা তথ্য অফিস সবসময় গণমাধ্যমকর্মীদের সহযোগিতার মানসিকতা নিয়ে কাজ করে আসছে। ভবিষ্যতে এ ধরনের কোনো কার্যক্রম গ্রহণ করা হলে তা অবশ্যই অফিসিয়াল নির্দেশনার আলোকে এবং যথাযথভাবে জানানো হবে।’
তিনি আরও জানান, যেসব গণমাধ্যম এখনো নিবন্ধন প্রক্রিয়ার আওতায় আসেনি, তাদের দ্রুত প্রয়োজনীয় কাগজপত্রসহ নিবন্ধনের জন্য আবেদন করার আহ্বান জানানো হচ্ছে। কারণ, নিবন্ধন কার্যক্রমটি সরাসরি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন পরিচালিত হয় এবং চূড়ান্ত অনুমোদন মন্ত্রণালয় থেকেই প্রদান করা হয়।
জেলা তথ্য অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, গণমাধ্যম খাতকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি এবং তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।












