
আজাদ হোসেন,
চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার ও হত্যার দায়ে ৪ জনকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার সদর উপজেলার সাধুহাটি গ্ৰামের মনোরঞ্জন বিশ্বাসের ছেলে উজ্জল কুমার বিশ্বাস, একই উপজেলার এনায়েতপুর গ্ৰামের মৃত তোয়াজ আলীর ছেলে সাদগার আলী, সাধুমন্ডলের ছেলে শুকুমার মন্ডল ও মোহন কুমার বিশ্বাসের ছেলে সুধাংশু কুমার বিশ্বাস। এসময় ১১ টি বন্য খরগোশ উদ্ধার করা হয়। এর মধ্যে ৫ টি জীবিত ও ৬ টি মৃত অবস্থায় পাওয়া যায়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ ওয়াইল্ডলাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ এর সভাপতি ও চুয়াডাঙ্গা সদর উপজেলার বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যার প্রভাষক আহসান হাবীব শিপলু কাছে সংবাদ আসে ১৬ জনের শিকারী দল তিতুদহ ইউনিয়নের কেরু এন্ড কোং মাঠে বন্য খরগোশ শিকার করছে। পরবর্তীতে সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং খবরের সত্যতা পান।

সাথে সাথে তারা চুয়াডাঙ্গা সদর উপজেলা বন কর্মকর্তা আবুল খায়ের আতা এলাহী কে বিষয়টি অবহিত করেন ।ঘটনাস্থলে তাদের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ শিকারী সটকে পড়লেও উল্লেখিত ৪ জনকে আটক করতে সক্ষম হন তারা। পরবর্তীতে বন বিভাগ ও চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি কে অবহিত করেন। কিছুক্ষনের মধ্যে সকলে উপস্থিত হয়ে সরকারি আদেশ অমান্য করে বন্যপ্রাণী শিকারের দ্বায়ে আটকৃত ৪ জন শিকারীকে এদিন সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জীবিত উদ্ধার ৫ টি খরগোশকে প্রাথমিক চিকিৎসা শেষে স্ব-স্থানে অবমুক্ত করা হয়। এসময় তিতুদহ পুলিশ ফাড়ির ইনচার্জসহ পুলিশ টিম উপস্থিত ছিলেন।

ওয়াইল্ডলাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ এর সভাপতি বলেন,
যে কোন বন্যপ্রাণী হত্যা, ক্রয়-বিক্রয়, পাচার, আটক আইনত দন্ডনিয় অপরাধ। আমাদের জেলার কেরু এন্ড কোং মাঠে প্রাকৃতিক রত্ন বন্য খরগোশ দেখা পাওয়া যায়। আমাদের সংগঠন প্রতিনিয়ত বন্যপ্রাণী সংরক্ষণে প্রচার প্রচারণা সহ জেলাব্যাপি কাজ করে আসছে। কিন্তু তারপরও কিছু অসাধু শিকারীর দল নির্মমভাবে এই বিপন্ন খরগোশ গুলো শিকার করে। আমরা আশা করি বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০২৬ এই কর্মকাণ্ডলো কে অনেকাংশে প্রতিরোধ করবে।
এসময় সংগঠনের সদস্য হাসানুজ্জামান রিগান, বায়জিদ, রিয়াজ উদ্দীন, সাহাবুল সহ স্থানীয় গম্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলে এই কাজের ভূয়সী প্রশংসা করেন।










