
নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন পবিত্র ঈদ-উল-আজহাকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও কোরবানির পশুর হাটের ইজারা কার্যক্রম সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। এ ধারাবাহিকতায় গাজীপুরের ঐতিহাসিক মাষ্টার বাড়ী গরু ও ছাগলের হাটের ইজারা পেয়েছেন গাজীপুর মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহ-দপ্তর সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মাহমুদুল হাসান আকাশ।ইজারা চূড়ান্ত হওয়ার পর থেকেই মাষ্টার বাড়ী কোরবানির পশুর হাটকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদের দিন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হাটের কার্যক্রম চলমান থাকবে। অত্র অঞ্চলের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী কোরবানির পশুর হাট হিসেবে মাষ্টার বাড়ী হাটের দীর্ঘদিনের সুনাম রয়েছে।
হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের নির্বিঘ্নে পশু ক্রয়-বিক্রয়ের সুবিধার্থে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পশু ব্যবসায়ীদের জন্য থাকা-খাওয়ার সুব্যবস্থাও রাখা হয়েছে। এ বিষয়ে হাটের ইজারাদার মাহমুদুল হাসান আকাশ বলেন, “ক্রেতারা যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে কোরবানির পশু ক্রয় করতে পারেন এবং বিক্রেতারাও যেন নির্বিঘ্নে পশু নিয়ে হাটে আসতে পারেন, সে লক্ষ্যে আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি।”
তিনি আরও জানান, হাটে সার্বক্ষণিক প্রশাসনিক নিরাপত্তা, স্বেচ্ছাসেবক টিম, সিসিটিভি ক্যামেরা, যানবাহন পার্কিং সুবিধাসহ ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা রাখা হবে।পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে পশু ব্যবসায়ীদের মাষ্টার বাড়ী পশুর হাটে এসে পশু বিক্রির এবং সাধারণ ক্রেতাদের এই হাট থেকে কোরবানির পশু ক্রয়ের আহ্বান জানান তিনি।
















