বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রম সঠিক, নির্ভুল ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে রিক্রুটমেন্ট ডিউটিতে নিয়োজিত কর্মকর্তা ও ফোর্সদের নিয়ে ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) বিকেল ৫টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।ব্রিফিং সেশনে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ রুহুল কবীর খান।

এ সময় পুলিশ সুপার রিক্রুটমেন্ট ডিউটিতে নিয়োজিত সব কর্মকর্তা ও সদস্যকে নির্ধারিত সময়ের আগেই পরিচ্ছন্নতা ও পূর্ণাঙ্গ ড্রেসরুল অনুসরণ করে ইউনিফর্ম পরিহিত অবস্থায় প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকার নির্দেশনা দেন। পাশাপাশি অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও বিচক্ষণতার সঙ্গে পালনের আহ্বান জানান।
তিনি সতর্ক করে বলেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, নিয়োগ কার্যক্রমে অসদুপায়ে সহযোগিতা কিংবা স্বজনপ্রীতির সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ কঠোর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীদের উদ্দেশে নিয়োগ বোর্ডের সভাপতি বলেন, ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত। যেসব পরীক্ষার্থী শারীরিক পরীক্ষায় যোগ্য বিবেচিত হয়ে পরবর্তী সব পরীক্ষায় ভালো করবেন, কেবল তারাই নিয়োগ পাবেন। তিনি আরও বলেন, যারা এ পদে নিয়োগপ্রাপ্ত হবেন তারা নিজেদের যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ পাবেন। তাই কোনো প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়তে প্রার্থী ও তাদের পরিবারের সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দেন।
জানা গেছে, আগামী ২১, ২২ ও ২৩ জুন প্রতিদিন সকাল ৮টা থেকে শারীরিক মাপ গ্রহণ ও ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট (পিইটি) অনুষ্ঠিত হবে। প্রার্থীদের নারী ও পুরুষ পৃথক লাইনে সকাল ৮টার আগেই পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র, কলম ও পরিধেয় বস্ত্র ছাড়া অন্য সব সামগ্রী পুলিশ লাইন্সের নির্ধারিত স্থানে জমা রাখতে হবে। চুয়াডাঙ্গা জেলা থেকে আবেদনকারীদের মধ্যে প্রতিটি ইভেন্টে প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নিয়োগ দেওয়া হবে।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার এআইজি (ইকুইপমেন্ট) এ এইচ এম ইয়াদুল ইসলাম, মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম এবং চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের পুলিশ পরিদর্শক (সশস্ত্র) ও আরআই মো. আব্দুস সামাদসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা